ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গুলিস্তানে বাস চাপায় দুই পথচারী নিহত: চালকের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ১০ জানুয়ারি ২০২২
গুলিস্তানে বাস চাপায় দুই পথচারী নিহত: চালকের দায় স্বীকার
গ্রেফতার রাকিব শরীফ ও দুর্ঘটনা কবলিত বাস

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহতের মামলায় চালক মো. রাকিব শরীফ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর সালোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

এদিন আসামি রাকিব শরীফকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত শনিবার সকালে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এসময় শেখ ফরিদ এবং মো. বাদশা মিয়া নামে দুজনের মৃত‌্যু হয়। আহত হন আরও কয়েকজন।

Advertisement

এ ঘটনায় শেখ ফরিদের ভাই মো. শাকিল ওই দিনই সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় ওয়ারী থানায় একটি মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ৮ জানুয়ারি সকাল ৭টার দিকে শেখ ফরিদ চিংড়ি মাছ কেনার জন্য কাপ্তান বাজারের উদ্দেশ্যে বের হন। এদিকে বাদশা মিয়া যাত্রাবাড়ী থেকে গুলিস্তানে মাল ডেলিভারি দেওয়ার জন্য রওনা হন। সকাল সাড়ে ৯টার সময় ওয়ারী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার ৪০ মিটার পূর্বদিক থেকে তারা পায়ে হেঁটে নামছিলেন। এসময় যাত্রাবাড়ী থেকে আসা মেঘলা পরিবহনের একটি বাস ফরিদ ও বাদশার ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত‌্যু হয়। এছাড়া ওই গাড়ির আঘাতে ওমর শরিফসহ কয়েকজন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বাস চাপা
লিংক সফলভাবে কপি হয়েছে!