ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অন্যের হয়ে জেল খাটা নকল সোহাগ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ২ ফেব্রুয়ারি ২০২২
অন্যের হয়ে জেল খাটা নকল সোহাগ রিমান্ডে
ছবি প্রতীকী

মিথ্যা পরিচয় দিয়ে অন্যের হয়ে জেল খাটার অভিযোগে নকল সোহাগের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন কোতোয়ালি থানার মামলায় আসামি হোসেনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু সাঈদ চৌধুরী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর আগে, ১ ফেব্রুয়ারি প্রকৃত আসামি বড় সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর রাজধানীর কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বড় সোহাগসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ঐ মামলায় ২০১০ সালে গ্রেফতার হন বড় সোহাগ। আর ২০১৪ সালে জামিনে গিয়ে পলাতক হন তিনি। ২০১৭ সালে বড় সোহাগসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরের বছর ২০১৮ সালে বড় সোহাগ পরিকল্পনা করে নকল সোহাগকে আদালতে আত্মসমর্পণ করান। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!