ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

জেএস হাসপাতালের দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২৪
জেএস হাসপাতালের দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ফাইল ফটো

রাজধানীর জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেলে খৎনা করাতে গিয়ে শিশু আহনাফ তাহমিন আয়হামের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত দুই চিকিৎসককে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেফতারকৃত চিকিৎসকরা হলেন- জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেলের পরিচালক ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহাবুব মোরশেদ।

বুধবার পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ নির্দেশ দেন।

Advertisement

এর আগে, দুপুরে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেলের সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়ে নোটিশ ঝুলিয়ে দেয় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেএস হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকবে। 

মঙ্গলবার রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নাতে খৎনার জন্য অ্যানেসথেশিয়া দেওয়া হয় শিশুটিকে। এতে গভীর ঘুমে তলিয়ে যায় আয়হাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। এরপর পরীক্ষা করে দেখা যায় মৃত্যু হয়েছে শিশুটির।

এ ঘটনায় তার বাবা ফখরুল ইসলাম মামলা করেছেন। মামলায় ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জন নামীয় আর ৫ জনকে অজ্ঞাত আসামি করেছেন তিনি। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগেও জেএস হাসপাতালকে অনুমোদনহীন ওষুধ রাখার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!