ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নেশাদ্রব্য পাচারে জড়িত তিন হজ এজেন্সি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ৩০ জুন ২০২৪
নেশাদ্রব্য পাচারে জড়িত তিন হজ এজেন্সি
ছবি: সংগৃহীত

নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে দেশের তিনটি হজ এজেন্সির বিরুদ্ধে। গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটেছে। ঐ দিনেই বিমানবন্দর থানায় জিডি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ ওঠা ঐ তিনটি হজ এজেন্সি হলো- খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেল এজেন্সি।

অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বলেন, নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। বাংলাদেশে এগুলো স্বাভাবিক হলেও সৌদি সরকার বিষয়টি গুরুত্বর অভিযোগ হিসেবে বিবেচনা করেছে। ফলে ঐ তিন হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এদিকে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগের বিষয়ে জানতে ঐ হজ এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, এবারের হজে নানা অনিয়মের কারণে ১৮টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। একইসঙ্গে উন্নত হজ ব্যবস্থাপনায় কাজ করার কথাও জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ।

এবার মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ করেন চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেন ৮০ হাজার ৬৯৫ জন। পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এবার ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
ট্যাগ: নেশা
লিংক সফলভাবে কপি হয়েছে!