লিগের বর্তমান চ্যাম্পিয়ন উত্তরাঞ্চলীয় এই ক্লাবের পক্ষ থেকে সংক্ষিপ্ত এক বিবৃবিতে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী ইনজাগি সোমবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। দেশের স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী ইনজাগি এখন সব ধরনের প্রোটোকল মেনে চলবেন।
এক ম্যাচ কম খেলা ইন্টার বর্তমানে নাপোলি ও এসি মিলানের থেকে চার পয়েন্ট এগিয়ে সিরি আ টেবিলের শীর্ষে অবস্থান করছে। দুই সপ্তাহের আসন্ন আন্তর্জাতিক বিরতির কারণে আগামী ৫ ফেব্রুয়ারির আগে ইন্টারের আর মাঠে নামা হচ্ছে না। বিরতি কাটিয়ে মাঠে ফিরে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দী এসি মিলান।
.png)
কিছুদিন আগে দীর্ঘ ১১ বছর পর সুপারকোপা ইতালিয়ানার ট্রফি জিতেছিল ইন্টার মিলান। জুভেন্টাসকে শেষ সময়ের গোলে হারিয়ে এই শিরোপা জেতে তারা।
অবশ্য ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। শিরোপার অপেক্ষাটা দীর্ঘ হওয়ার চোখরাঙানিই গতকাল পাচ্ছিল ইন্টার। জুভেন্টাসের বিপক্ষে যে শুরুতেই পিছিয়ে পড়েছিল দলটি! তবে লাউতারো মার্টিনেজের গোলে নেরাজ্জুরিরা এরপর ম্যাচে ফিরেছে দারুণ প্রতাপে।
এরপর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে শিরোপা জিতিয়েছেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। তাতেই ইন্টার জেতে ২-১ গোলে, শেষ হয় দলটির ১১ বছর দীর্ঘ সুপার কাপ খরার।
সান সিরোয় শুরুটা দুই দলেরই খারাপ হয়েছিল। শুরুর ২০ মিনিটে প্রতিপক্ষ গোলমুখে কারোই কোনো শট ছিল না। তবে এ অবস্থা থেকে জুভেন্টাসই মুক্তি পেয়েছে আগে। ম্যাচের ২৫ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির গোলে এগিয়ে গিয়ে জুভরা তখন শিরোপা জেতার স্বপ্নে বিভোর।
তবে কিছুক্ষণ পরেই ইন্টার ম্যাচে সমতা ফেরায়। ৩৫ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় দলটি। সেটা থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান মার্টিনেজ। বিরতির বাঁশিও বাজে এই স্কোরলাইনেই।
বিরতির পর বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও শেষমেশ গোলের দেখা আর পায়নি দুই দলের কোনো দলই। তাই খেলা গড়ায় অরিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে গোল করেই ইন্টারকে শিরোপার ছোঁয়া পাইয়ে দেন সানচেজ।