দীর্ঘদিনের কোচ মারিয়ানের সঙ্গে চুক্তি বাতিল করলেন জকোভিচ
দীর্ঘদিনের কোচ মারিয়ান ভায়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নোভাক জকোভিচ। এর মাধ্যমে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই সার্বিয়ান বছরে আরো একটি চমকের জন্ম দিলেন। যদিও জকোভিচ জানিয়েছেন গত বছর এটিপি ফাইনালের পর থেকেই কার্যত মারিয়ানের সাথে তিনি চুক্তি বাতিল করেছিলেন।
জানুয়ারিতে করোনা টিকা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেনে না খেলেই দেশে ফিরে এসেছিলেন জকোভিচ। এরপর গত মাসে দুবাই ওপেনে কোয়ার্টার ফাইনালে পরাজিত হবার মাধ্যমে রেকর্ড ৩৬১ সপ্তাহ পর রাশিয়ান দানিল মেদভেদেভের কাছে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। ২০০৬ সাল থেকে স্লোভানিয়ান মারিয়ানের সাথে কাজ করে আসছেন জকোভিচ। যদিও মাঝে ২০১৭ সালে একবার তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছিল।
নিজের অফিসিয়াল ওয়েবসাইটে ৩৪ বছর বয়সী জকোভিচ বলেছেন, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় সময়ে মারিয়ান আমার সাথে ছিল। আমরা একসাথে দুর্দান্ত কিছু অর্জন করেছি। গত ১৫ বছর ধরে তার সাথে আমার অসাধারণ একটি বন্ধুত্বের সম্পর্ক ছিল।
নভেম্বরে তুরিনে ট্যুর ফাইনালের পর জকোভিচের সাথে কাজ করা বন্ধ করেন দেন মারিয়ান। মেলবোর্নেও জকোভিচের সঙ্গে ব্যাক-রুম স্টাফ হিসেবে মারিয়ানকে দেখা যায়নি। মারিয়ান বলেছেন, ‘নোভাকের সাথে আমি যে সময় কাটিয়েছি তখন আমি তার ট্রানফর্মেশন দেখেছি। পিছনে ফিরে তাকালে ঐ সময়গুলো আমাকে গর্বিত করে।’