ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গাড়ি দুর্ঘটনায় আহত হ্যারি কেইনের ৩ সন্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ১২ এপ্রিল ২০২৪
গাড়ি দুর্ঘটনায় আহত হ্যারি কেইনের ৩ সন্তান
ছবি- সংগৃহীত

জার্মানির মিউনিখ শহরে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের তিন সন্তান। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, আঘাত পেলেও তাদের বড় কোনো ক্ষতি হয়নি। কেইনের তিন সন্তান হলেন-লুইস, ভিভিয়েন ও আইভি।

বিল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনালের সঙ্গে বায়ার্নের ২-২ গোলে ড্র হওয়ার রাতে কেইন যখন খেলতে লন্ডনে যাচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। একটি কালো ভ্যানে ভ্রমণ করছিল তার সন্তানরা। তাদের সঙ্গে ছিলেন একজন আয়া। একটি রেনল্টের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়ির।

Advertisement

বিষয়টি নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দমকল প্রধান বিবিসিকে বলেন, ‘কেইনের সন্তানরা সবাই খুব ভাগ্যবান। কেউ গুরুতর আহত হয়নি। কেবল মাত্র রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।’

বাভারিয়ান পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় দুই গাড়িতে মোট নয়জন সদস্য ছিল। সবাই সামান্য আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর গ্রীষ্মের দলবদলে টটেনহ্যাম ছেড়ে চার বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। স্ত্রী কেট সহ তার চার সন্তান রয়েছে। সাত বছর বয়সী আইভি, পাঁচ বছর বয়সী ভিভিয়েন এবং তিন বছর বয়সী লুইস ছাড়াও তাদের আরো একজন সন্তান রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!