ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

এবার স্বর্ণের লড়াইয়ে মুখোমুখি জকোভিচ-আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ৩ আগস্ট ২০২৪
এবার স্বর্ণের লড়াইয়ে মুখোমুখি জকোভিচ-আলকারাজ
ছবি- সংগৃহীত

একজন ক্যারিয়ারের শুরুতে, অন্যজন গোধূলি লগ্নে। ফাইনালে দুই প্রজন্মের দুই টেনিস তারকার দেখা হবে, আপাতত এটাই যেন টেনিস কোর্টের নিয়তি। গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচকে রীতিমতো উড়িয়ে দেন স্প্যানিশ তারকা আলকারাজ গারফিয়া। 

এখনও উইম্বলডন রেশ কাটেনি, এর মধ্যেই অলিম্পিকের ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে রোববার মাঠে নামছেন জকোভিচ ও আলকারাজ। 

টেনিস কোর্টে অসাধারণ সময় পার করছেন আলকারাজ। চলতি বছর টানা দুই গ্র্যান্ড স্লাম জেতা স্প্যানিশ তারকা শুক্রবার অলিম্পিকের সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি ৬-১,৬-১ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল। 

Advertisement

দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ান তারকা জকোভিচও সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন লরেনসো মুসেত্তিকে। ৬-৪,৬-২ গেমে জেতেন ৩৭ বছর বয়সী জোকো।

রোববার জোকো-আলকারাজের ‘গোল্ড মেডেল ম্যাচ’। স্প্যানিশ তারকা জানিয়েছেন, অনেক দিন ধরেই স্বর্ণ জয়ের স্বপ্ন বুনছিলেন তিনি। 

ফাইনালে ওঠার পর আলাকারাজ বললেন, ‘বছরের শুরু থেকেই লক্ষ্য ছিল স্বর্ণ জয়। লক্ষ্য পূরণে এক ম্যাচ বাকি। আমার এবং স্পেনের মানুষের জন্য ফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে না ভাবতে। শুধুই ম্যাচে মনোযোগ দিতে চাই।’ 

গ্র্যান্ড স্লামে দুই ফাইনালের দেখায় জকোভিচকে হারিয়ে ট্রফি জেতেন আলকারাজ। জকোভিচও তাই গুরুত্বের সঙ্গে দেখছেন প্রতিপক্ষকে। ২৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি থাকলেও অলিম্পিকের স্বর্ণ এখনো ছোঁয়া হয়নি তার। 

সেই লক্ষ্য পূরণ করতে চান সার্বিয়ান তারকা, ‘আমি এই খেলায় (টেনিসে) অনেক দুর্দান্ত কিছু অর্জন করেছি, কিন্তু অলিম্পিক গেমসের ফাইনালে কখনো উঠতে পারিনি, তাই আমি খুব রোমাঞ্চিত।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!