ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৩ ডিসেম্বর ২০২১
মানিকগঞ্জে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খুন
ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল মান্নান (৬০) নামে  অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি খুন হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার জামসা ইউপির উত্তর জামসা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মান্নান উপজেলার তালেবপুর ইউপির মোল্লাপাড়া গ্রামের মৃত কিফাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি উত্তর জামসা এলাকায় স্বপরিবারে বসবাস করছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সিংগাইর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উদ্ধারকালে লাশের দু’চোখ উপড়ানো ও নাক কাটা ছিলো। 

Advertisement

নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, এলাকায় আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তবে গ্রেফতার এড়াতে তিনি গভীর রাত পর্যন্ত আশপাশে লুকিয়ে থাকতেন। এদিকে, কয়েকদিন ধরে স্থানীয় ইউসুফ আলী, শাম মিয়া, বিরচন, ছবেদ আলী, মুকছেদ ও বাছিরের জমি থেকে ঘাস চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে তারা লাঠি-সোটা নিয়ে পাহারা দিতেন। বুধবার রাত ৮ টার দিকে আমার স্বামী একটি কাচি হাতে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার ভোরে আশপাশের বাড়িগুলোতে খোঁজতে থাকি। তাকে না পেয়ে এক পর্যায়ে কালিগঙ্গা নদী পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউসুফ আলীর ঘাস ক্ষেতে আমার স্বামীর লাশ দেখতে পাই। আমার ধারনা, ওই ঘাস ক্ষেতের পাহারাদাররাই আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!