ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার ভোরে উখিয়ার ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত আব্দুল জব্বার ৬ নম্বর ক্যাম্পের সি-ব্লকের আব্দুল কুদ্দুসের ছেলে।
১৪ এপিবিএন এর এসপি নাঈমুল হক বলেন, ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে রোহিঙ্গা যুবক আব্দুল জব্বারকে আটক করা হয়। তার কাছে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া গেছে।
.png)
আইনি প্রক্রিয়া শেষে ঐ রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নাঈমুল হক।
এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর উখিয়ার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের তিন সন্ত্রাসীকে আটক করে র্যাব। ঐ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে তিন রাউন্ড কার্তুজ ও একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। গত ২৭ ডিসেম্বর ঐ উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকা থেকে ১০ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এছাড়া গত ১০ দিনে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।