২২ জানুয়ারি বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন ও সদস্যসচিব রানা হোসেন। এরপর থেকেই এ কমিটি নিয়ে সমালোচনার মুখে পড়েন উপজেলা ছাত্রদলের এ দুই নেতা।
নেতাকর্মীরা জানান, অনেকের জীবনবৃত্তান্ত না নিয়েই এ কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রদল। এমনকি আগের কমিটির কারো সঙ্গেও আলোচনা করা হয়নি। নিজেদের ইচ্ছামতো বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন ও সদস্যসচিব রানা হোসেন।
.png)
সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ শাওন বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ২০১০ সালের আগে যারা এসএসসি পাস করেছেন, তারা ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। তাই আমি জীবনবৃত্তান্ত দিইনি। অথচ আমার নাম এ কমিটিতে রয়েছে। জীবনবৃত্তান্ত না দিলেও নাম কীভাবে এলো তা জানি না।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্লা বলেন, বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে আমাদের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি। আলোচনা ছাড়াই এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, আমি দলীয় নিয়ম অনুযায়ী কমিটি দিয়েছি। কিছু কর্মী এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করায় জেলা কমিটিকে জানানো হয়েছে।