প্রেমিকাকে নিয়ে বিদ্রুপ করায় খুন
চট্টগ্রাম নগরীর লালখান বাজারে প্রেমিকাকে নিয়ে বিদ্রুপ করায় প্রেমিকের হাতে মইনুল ইসলাম তন্ময় নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে চাঁনমারি সড়কের হাইপেরিয়ন নামে একটি ভবনের তৃতীয় তলায় ঘটনাটি ঘটে।
নিহত তন্ময় চুয়াডাঙা সদরের শেখপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি লালখান বাজারের তিলোত্তমা চিটাগাং নামে একটি টাইলস বিক্রয় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ছিলেন। অভিযুক্ত নিহার রিসিল গারো জনগোষ্ঠীর বাসিন্দা।
জানা গেছে, প্রতিষ্ঠানের নিজস্ব মেসটিতে থাকতেন তন্ময়সহ চারজন। সেখানে বাবুর্চির কাজ করতেন রিসিল। প্রায় ১১ বছর আগে স্ত্রীর সঙ্গে রিসিলের বিচ্ছেদ হয়। দীর্ঘদিন একা থাকার পর সম্প্রতি এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক নিয়ে বিদ্রুপ করায় তন্ময়কে খুন করেন তিনি।
.png)
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, বিভিন্ন সময় তন্ময় ও রিসিলের মধ্যে বাকবিতণ্ডা হতো। ফলে তাদের সম্পর্ক ভালো ছিল না। সোমবার দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় রিসিল তন্ময়ের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। পরে আহত তন্ময়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই রিসিলকে আটক করা হয়েছে।