বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১১ দশমিক ৭ মিলিমিটার এবং বিকেল ৩টার পর ১৯ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা পর্যন্ত সর্বনিম্ন ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষ তেমন নেই। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। জেলার ওপর দিয়ে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। রাত থেকে মাঘের শেষভাগে বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। বৃষ্টিতে মানুষের অসুবিধা হলেও কিছু ফসলের ক্ষেত্রে বিশেষ করে আম ও গমের জন্য সুবিধা হয়েছে।
.png)

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে টানা দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুর পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শীতের মধ্যে এমন বৃষ্টি হওয়ায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। কাজে যেতে পারেনি খেটে খাওয়া মানুষ।
সাপাহার উপজেলার হোলাকান্দর গ্রামের আম চাষি আমানউল্লাহ বলেন, বৃষ্টি হওয়াতে আমের জন্য অনেক উপকার হয়েছে। আমাদের বরেন্দ্র এলাকায় পানির সংকট। বৃষ্টির ফলে মাটিতে রস পাওয়ায় গাছের জন্য উপকার হয়েছে। এতোদিন শ্যালোমেশিন দিয়ে বাগানে সেচ দিয়ে পরিচর্চা করতে হতো। কিছুদিনের মধ্যে গাছে মুকুল আসা শুরু হবে।

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।