ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিলল ১৪ হাজার ইয়াবা 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১৯:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২২
পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিলল ১৪ হাজার ইয়াবা 
উদ্ধারকৃত ইয়াবা

কক্সবাজারের টেকনাফের মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (০৪ফেব্রুয়ারি) ভোরে সদর ইউপির ঐ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার  করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম আব্দুর রউফ(বিএন)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা নেতৃত্বে সদর ইউপি মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে সাদা রঙের বস্তা হাতে এক ব্যক্তিকে ঝাউবনের দিকে আসতে দেখা যায়।

Advertisement

লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার জন্য সংকেত দেয়। ঐ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রঙের বস্তাটি ঝাউবনের ভেতরে ফেলে দিয়ে দৌড়ে মেরিন ড্রাইভ পার হয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা পাওয়া যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!