ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনে লাল কাপড় দেখালেন গেটম্যান, বাঁচালেন হাজারো যাত্রীর প্রাণ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২২
রেললাইনে লাল কাপড় দেখালেন গেটম্যান, বাঁচালেন হাজারো যাত্রীর প্রাণ
রেললাইনের ভাঙা পাত মেরামত করা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজশাহীর আড়ানীতে রেললাইনের পাত ভাঙা থাকায় সংশ্লিষ্ট গেটম্যান লাল কাপড়ের সংকেত দিয়ে ৫০০ গজ দূরে থামিয়ে দেওয়া হয় উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে রক্ষা পেয়েছে ট্রেনের হাজারো যাত্রী। এ ঘটনার পর রাজশাহী থেকে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে রাজশাহীর আড়ানী স্টেশন এলাকার বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেল লাইন ভেঙে যায়। ফলে তাৎক্ষণিক রাজশাহীগামী আন্তঃনগর উত্তরা এক্সপ্রেস ট্রেনসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯টি রেল লাইন ভাঙা দেখতে পান আড়ানী-পুঠিয়া রেলক্রসিংয়ের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেল স্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে এই লাইনে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা দ্রুত লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেন।

Advertisement

এ ঘটনায় শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেললাইন মেরামতে তাৎক্ষণিক কাজ শুরু হয়।

আড়ানী-পুঠিয়া রেলক্রসিংয়ের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ভাঙা স্থান থেকে ৫০০ মিটার পূর্বে থামিয়ে দেওয়া হয়। ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

আড়ানী রেল স্টেশনের মাস্টার সদরুল আলম বলেন, রেললাইন ভাঙার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস টেনটি থামিয়ে রাখা হয়েছে। ভাঙা স্থান মেরামতের কাজ চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!