ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
৫ দিনে পাড়ি দিয়েছেন সাড়ে ৮০০ কিলোমিটার

বাইসাইকেলে ঘুরছেন বাংলাদেশ, সৌন্দর্যে মুগ্ধ লন্ডনি দম্পতি

নাজির আহমেদ আল-আমিন, ভৈরব
প্রকাশিত: ১৩:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
বাইসাইকেলে ঘুরছেন বাংলাদেশ, সৌন্দর্যে মুগ্ধ লন্ডনি দম্পতি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বাইসাইকেল নিয়ে ঘুরছেন এই লন্ডনি দম্পতি

বাংলাদেশের প্রকৃতি ও গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য্য দেখতে জেলায় জেলায় ঘুরছেন লন্ডনি দম্পতি। গেল পাঁচদিনে পাড়ি দিয়েছেন সাড়ে ৮০০ কিলোমিটার সড়কপথ। চলার পথে প্রকৃতি, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আচরণ ও শিশুদের কোমল হাসি দেখে মুগ্ধ হয়েছেন তারা।

লন্ডনি এ দম্পতি হিউম্যান রাইটস (মানবাধিকার) নিয়ে কাজ করছেন। স্বামী ইরফান রাজপুত অস্ট্রিয়ার নাগরিক ও মাহবুবা জামান রাজপুত শেউলি যুক্তরাজ্যের নাগরিক। তবে মাহবুবা জামান বাংলাদেশি বংশোদ্ভূত, সুনামগঞ্জের জগন্নাথপুরে তার বাবার বাড়ি।

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে আকাশপথে রাজশাহী পৌঁছান এ দম্পতি। পরদিন রাজশাহীর গ্র্যান্ড ভিউ হোটেল থেকে বাইসাইকেল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। পরদিন বগুড়া থেকে টাঙ্গাইল এবং টাঙ্গাইল থেকে গাজীপুর পৌছেন। একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার সকালে গাজীপুর থেকে ভৈরব এবং ভৈরব থেকে চায়ের রাজ্য শ্রীমঙ্গলে যান। সেখান থেকে তারা সিলেট পৌঁছান।

Advertisement

বাংলাদেশের প্রকৃতি ও মানুষের আচরণে মুগ্ধ ইরফান-মাহবুবা দম্পতি

মাহবুবা জামান রাজপুত শেউলি জানান, প্রতিদিন তারা প্রায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন। শনিবার দুপুরে সিলেটে পৌঁছানো পর্যন্ত পাঁচদিনে বাইসাইকেলে সাড়ে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তারা। চলার পথে প্রকৃতি ও মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছেন।

কেন এই বাইসাইকেল ভ্রমণ জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশের প্রতি বিদেশিদের নেতিবাচক মনোভাব দূর করতে এবং তাদের এ দেশে আসতে উদ্বুদ্ধ করতেই বাইসাইকেল দিয়ে ভ্রমণ করছে তারা।

মাহবুবা জামান রাজপুত শেউলি আরো জানান, ২০২০ সালেই বাইসাইকেল দিয়েই হজ্ব করতে সৌদি আরবে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু কোভিড-১৯ এর কারণে যেতে পারেননি। এরই অংশ হিসেবে বাইসাইকেল দিয়ে দেশের বিভিন্ন জেলায় ঘুরছেন তারা। বাইসাইকেল চালিয়ে নিজের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌঁছাতে পারলে তাদের আরো বেশি ভালো লাগবে বলেও জানিয়েছেন তিনি।।

মাহবুবা জামানের স্বামী ইরফান রাজপুত জানান, বাংলাদেশ আসলেই দেখার মত। চলার পথে মানুষের ব্যবহারে তারা মুগ্ধ। বিদেশিদের এ দেশে আসতে এবং ঘুরে দেখতে আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!