শেবাচিমের ৮ চিকিৎসককে একযোগে বদলি
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ৮ জন জুনিয়র কনসালটেন্টকে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে বরিশাল জেনারেল হাসপাতাল এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের একজন করে চিকিৎসককে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব এ.এফ.এম এহতেশামুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তিনটি হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়। একই আদেশে তাদের ১৯ ফেব্রয়ারির মধ্যে যোগদান করতে বলা হয়েছে।
আদেশ সূত্রে জানা গেছে- শেবাচিমের অর্থ-সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত ও গাইনী বিভাগের ডা. তানিয়া আফরোজকে পটুয়াখালী সদর হাসপাতালে, অর্থপেডিক্স বিভাগের ডা. সুদীপ্ত কুমার হালদারকে বরগুনা জেনারেল হাসপাতালে, ইএনটি বিভাগের ডা. আলী আহমেদকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে, ডা. মো. আব্দুল্লাহ আল মামুনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জহিরুল ইসলামকে ভোলা জেলা হাসপাতাল, শেবাচিমের ইএনটি বিভাগের ডা. মো. শরিফুল ইসলামকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বরিশাল জেনারেল হাসপাতালের ডা. সঞ্জয় কুমার দাসকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শেবাচিমের সার্জারি বিভাগের ডা. জয় জাকারিয়া রবকে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে এবং সার্জারি বিভাগের ডা. মো. সুপিয়ার রহমানকে ঝালকাঠি সদর হাসপাতালে বদলি করা হয়েছে।