ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র দিয়ে বন্ধুদের ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২২
অস্ত্র দিয়ে বন্ধুদের ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই
ছবি: ডেইলি বাংলাদেশ

পূর্ব বিরোধের জেরে দুই বন্ধুকে অস্ত্র দিয়ে ফাঁসাতে ফাঁদ পাতেন তারেক। কিন্তু বন্ধু তো নয়, নিজের পাতা ফাঁদে ধরা দিয়েছেন নিজেই। নিজের তৈরি করা অস্ত্রসহ আটক হয়েছেন র‍্যাবের হাতে।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শুক্রবার রাতে বোয়ালখালী উপজেলার বোয়ালখালী-চট্টগ্রাম সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক তারেক ওই উপজেলার ঘোষখিল এলাকার রফিকুল ইসলামের ছেলে।

Advertisement

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, অটোরিকশায় চট্টগ্রামের দিকে আসছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য- এমন তথ্যে বোয়ালখালী উপজেলার বোয়ালখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি অটোরিকশায় তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে থাকা পাঁচটি চাকু ও একটি চাইনিজ কুড়ালসহ তারেককে আটক করা হয়। 

আটকের পর জিজ্ঞাসাবাদে তারেক জানান, নিজ এলাকার পরিচিত বন্ধু অটোরিকশাচালক তৈয়ব ও নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার বন্ধু রিয়াজের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল তার। এর জেরে তাদেরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী উদ্ধার করা অস্ত্রগুলো কয়েকদিন আগে নিজেই প্রস্তুত করেন এবং তৈয়বকে ফোন করে তার অটোরিকশাটি নিয়ে চট্টগ্রাম শহরে এসে রিয়াজকে সঙ্গে নিয়ে পুনরায় বোয়ালখালী যান। সেখানে গিয়ে তৈয়ব ও রিয়াজকে নাস্তা করতে হোটেলে পাঠিয়ে দিয়ে তৈয়বের গাড়িতে অস্ত্রগুলো তুলে দেন তারেক। এরপর তাদের ফোন দিয়ে গাড়ির কাছে ডেকে নেন। পরে দুজনকে গাড়িতে তুলে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেন।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তারেককে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!