মাভাবিপ্রবিতে ‘সিঙ্গেল ডে’ উদযাপন
‘নিজেকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে এবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সিঙ্গেল ডে দিবস- ২০২২ উদযাপিত হয়েছে।
শুক্রবার রাতে সিঙ্গেল ডে উপলক্ষে মাভাবিপ্রবি ক্যাম্পাসে কেক কাটার মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদের ১১ তম ব্যাচের সিঙ্গেল সোসাইটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিভাগের শিক্ষার্থীরা।
সিঙ্গেল ডে উদযাপন উপলক্ষে আতিক হাসান ডেইলি বাংলাদেশকে জানান, আমাদের উদ্দ্যেশ্য হলো ক্যাম্পাসে সব সিঙ্গেলদের মিলিত করা। যেকোনো উৎসবে সিঙ্গেলদের মাঝে আনন্দের সঞ্চার করা। প্রতি বছর ভালোবাসা দিবসে সিঙ্গেল উৎসব উদযাপনের মাধ্যমে ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করা। সিঙ্গেলদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো ইত্যাদি।
নাহিদ হাসান বলেন, সিঙ্গেল সোসাইটি সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে যেমন- এরা প্রেম করতে পারে না, নিজেও প্রেম করবে না, অন্যকেও করতে দেবে না। প্রেমিক-প্রেমিকাদের বিরক্ত করে। এসব ভুল ধারণা। সিঙ্গেল সোসাইটি ভালোবাসাকে শ্রদ্ধা করে এবং নিজেরাও ভালোবাসতে জানে। সিঙ্গেল সোসাইটি স্বাধীনতায় বিশ্বাসী। আপনি রিলেশনে থাকলে থাকুন, সিঙ্গেল থাকলেও থাকুন। এটা আপনার ব্যক্তিগত বিষয়।
কনিকা বর্মন বলেন, ক্যাম্পাসের কেন্দ্রীয় সিঙ্গেল সোসাইটি আজকে কোনো প্রোগ্রাম না করায় আমরা হতাশ। আজকের এই দিনে তাদের কার্যক্রম নিয়ে গতিশীল হওয়ার প্রয়োজন ছিল।