ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ২১ আগস্ট ২০২৩
একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর
ফাইল ফটো

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদন শেষ হয়েছে রোববার। এ ধাপের ফলাফল আগামী ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রথম ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন ১৩ লাখের বেশি শিক্ষার্থী।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে। 

Advertisement

গত ১০ আগস্ট বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরু হয়। যা চলে ২০ আগস্ট পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর কলেজ নির্বাচন নিশ্চিতের সুযোগ পাবে। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফলও একই দিন প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চিতের সুযোগ পাবে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। 

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চিত চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। একাদশের ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর। 

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশে ভর্তিতে মোট আসন আছে ২৬ লাখের বেশি। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশে ভর্তিতে এবার আসন সংকট নেই। তবে কাঙ্ক্ষিত কলেজে চান্স পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!