ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ব্যাংক থেকে ৮৪ বার টাকা তোলার চেষ্টা: দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৭, ১৯ জানুয়ারি ২০২২
ব্যাংক থেকে ৮৪ বার টাকা তোলার চেষ্টা: দুইজন রিমান্ডে
ছবি প্রতীকী

ঢাকায় একটি ব্যাংকের বিভিন্ন বুথ থেকে তিন দিনে ৮৪ বার টাকা তোলার চেষ্টার পর গ্রেফতার এটিএম কার্ড জালিয়াতির আন্তর্জাতিক চক্রের সদস্য তুরস্কের নাগরিক হাকান জানবুরকানসহ দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন- বাংলাদেশের নাগরিক মো. মফিউল ইসলাম।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মামুন অর রশিদ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

Advertisement

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-১ থেকে আসামিদের গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি বিভিন্ন মডেলের ফোন, একটি ল্যাপটপ, ১৫টি ক্লোন কার্ডসহ মোট ১৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সিটিটিসির সাব-ইন্সপেক্টর পিটার বিশ্বাস পল্টন থানার মামলাটি দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!