গ্রিল ও তালা কেটে চুরি: চক্রের সাত সদস্য রিমান্ডে
রাজধানীর লালবাগে গ্রিল ও তালা কেটে চুরির ঘটনায় করা মামলায় গ্রেফতার চোর চক্রের ৭ সদস্যকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন প্রত্যেক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সজীব, মো. হেলাল উদ্দিন, মো. রনি, মো. রিপন, মো. তরিকুল ইসলাম, মো. শামীম, ও মো. আরিফুল ইসলাম ওরফে সুমন।
জানা যায়, সম্প্রতি রাজধানীর লালবাগের একটি ভবনের ফাঁকা তিনটি বাসা থেকে দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ আগস্ট লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সাত জনকে শনাক্ত করা হয়। পরে বংশাল ও বসুন্ধরা সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮টি চোরাই ল্যাপটপ, ৫টি মোবাইল ফোন ও চোরাই ল্যাপটপ বিক্রির নগদ ৬ লক্ষ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, চক্রটি প্রথমে যে সব বাসায় নিরাপত্তা প্রহরী থাকেনা বা বাইরে থেকে বুঝা যায় বাসাগুলো তালাবদ্ধ, সেসব বাসা টার্গেট করে। এরপর চক্রটি বাসার গ্রিল বা তালা কেটে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। তারা সবাই রাজধানীর শনির আখড়া এলাকায় একত্রিত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করতো। চোরাই স্বর্ণালঙ্কার রাজধানীর তাঁতী বাজার ও নারায়ণগঞ্জে এবং মোবাইল ফোন ও ল্যাপটপ বসুন্ধরা সিটিতে বিক্রি করতো।