রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন গৃহবধূ, সকালে মিলল ঝুলন্ত লাশ
শেরপুরের নালিতাবাড়ীতে রোমানা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রোমানা ঐ গ্রামের নুরুল আমিনের স্ত্রী ও মৌলভী বাজারের শ্রীমঙ্গলের আইয়ুব আলী ও মরিয়ম বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী নুরুল আমিন প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে জেগে উঠলে বসত ঘরের আড়ার সঙ্গে রোমানাকে ফাঁসিতে ঝুলতে দেখেন। পরে স্বজন ও প্রতিবেশীদের খবর দিয়ে ফাঁসির ঝুলন্ত অবস্থা থেকে নামানোর পর রোমানার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
জানা যায়, রোমানা আক্তার ঢাকায় বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতেন। নুরুল আমিন পার্শ্ববর্তী হোটেলে চাকরি করা অবস্থায় আড়াই বছর আগে তাদের মাঝে প্রেমের সম্পর্ক এবং বিয়ে হয়। এর কিছুদিন পর তারা নুরুল আমিনের বালুঘাটা গ্রামের বাড়ি চলে আসে। এ দম্পতির সংসারে ৬ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।
নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে। এছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।