চৌগাছায় এক রাতে ৮ দোকানে চুরি
যশোরের চৌগাছা উপজেলা বাজারে এক রাতে ৮ দোকানে চুরি হয়েছে। দোকানগুলোর সার্টার ভেঙে টাকা ও পণ্য চুরি হয়েছে। শনিবার ভোরে বাজারের কাপুড়িয়া পট্টি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এক রাতে ৮ দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শহরের কাপুড়িয়া পট্টির সবুজ সাথী বস্ত্র বিতান, ঢাকা বস্ত্র বিতান, সাক্স টেইলার্স, মায়ের আচল বস্ত্র বিতান, বাবুল গার্মেন্টস এবং কামিল মাদরাসা রোডের সাঈদ ভ্যারাইটি স্টোরের সার্টার ভেঙে টাকা চুরি হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঢাকা বস্ত্র বিতানের মালিক বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। শনিবার সকালে জানতে পারি বাজারে কয়েকটি দোকানে চুরি হয়েছে। সংবাদ পেয়ে দোকানে গিয়ে দেখি আমার দোকানেও চুরি হয়েছে। সার্টার ও ক্যাশের ড্রয়ার ভেঙে ৪০ হাজার টাকা ও কিছু পণ্য নিয়ে গেছে।
.png)
একই সময় সবুজ সাথী বস্ত্র বিতান থেকে ২৫ হাজার টাকা ও কয়েকটি কম্বল নিয়ে গেছে। একইভাবে দোকানের সার্টার ভেঙে সাক্স টেইলার্স ও সাঈদ স্টোর থেকে টাকা চুরি হয়েছে। চুরির সময় চোরেরা ঢাকা বস্ত্র বিতানের সিসি ক্যামেরার মেমরি কার্ড নিয়ে যায়।
চৌগাছার ব্যবসায়ী সমিতির সম্পাদক ইবাদৎ হোসেন বলেন, শহরে একরাতে অনেকগুলো প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য একদিনের আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় শহরের কাপুড়িয়া পট্টির একটি দোকানের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব শিগগির দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।