বাবাকে ফোন দিয়ে সোমবার রাতে এসব কথা বলেন অটোচালক মোজাম্মেল। কিন্তু মঙ্গলবার সকালে পড়েছিল মাফলারে পেঁচানো মোজাম্মেলের লাশ।
প্রতিদিনই সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন ৩০ বছর বয়সী মোজাম্মেল। দিনভর চালিয়ে গভীর রাতে বাড়ি ফেরেন। কিন্তু সোমবার রাতে আর বাড়ি ফেরা হয়নি তার।
.png)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ সড়কের মৃগালি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাতভর ছেলের কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে ছেলের লাশ খুঁজে পান মোজাম্মেলের বাবা।
স্থানীয়রা জানায়, নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের সাভার গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. মোজাম্মেল হোসেন। সোমবার সকালে তিনি ভাড়ায় আনা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন।
নিহত মোজাম্মেলের বাবা ফরিদ মিয়া জানান, অন্যান্য দিনের কোনো এক সময় বাড়িতে এলেও ওই দিন ছেলে আসেননি। এ অবস্থায় ছেলের খবর নিতে বেশ কয়েকবার ফোন করলে তিনি ভাড়া নিয়ে দূরে আছেন বলে জানান। একপর্যায়ে রাত ১১টার দিকে ফোন আসে।
ফোনে ছেলে জানান, অটোরিকশাটি জোর করে নিয়ে তাকে বেশ কয়েকজন ধরে রেখেছে। এখন তারা ২০ হাজার টাকা দাবি করছে। দ্রুত দিতে না পারলে একটা কিছু করবে। কোথায় তার অবস্থান জানতে চাইলে শুধু নেত্রকোনা বলেন। এর পরই ছেলের কাছ থেকে অন্য একজন মোবাইলটি নিয়ে জানায় টাকাটা দ্রুত পাঠাতে। পরে ছেলের নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এতে এক ধরনের শঙ্কা নিয়ে সারা রাত বিভিন্ন জায়গায় ছেলের সন্ধান করা হয়। পরে জানা যায় অজ্ঞাতপরিচয় একটি লাশ পড়ে আছে আঠারবাড়ীর মৃগালি এলাকায়। সেখানে গিয়েই শনাক্ত করা হয় এটাই তার ছেলের লাশ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, অটোরিকশাটির খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি কারা ঘটাতে পারে এ ব্যাপারে তদন্ত চলছে।