ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে দৌড়ে ঢুকলেন থানায় 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে দৌড়ে ঢুকলেন থানায় 
হামলায় আহত ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় বিরোধের জেরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের প্রধান সড়ক টি.এ. রোডে এই ঘটনা ঘটে।  

জানা যায়, আহত শরীফ উদ্দিন জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের আবুল ফয়েজের ছেলে। হামলার সময় প্রাণ বাঁচাতে দৌড়ে সদর মডেল থানায় ঢুকে আশ্রয় নেন তিনি। আহত ব্যবসায়ী ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন।

আহত শরীফ উদ্দিনের চাচা সুবা মিয়া বলেন, মহিউদ্দিন নগর গ্রামের মিজান ও হান্নান  গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলে আসছে। শরীফ উদ্দিন ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। প্রতি শুক্রবার গ্রামের বাড়িতে আসে। আজও দুপুরে ট্রেনযোগে শরীফ ব্রাহ্মণবাড়িয়ায় এসে রেলওয়ে স্টেশন থেকে রিকশা যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার সময় টি.এ.রোডের ঘোড়াপট্টি ব্রিজের দক্ষিণপাশে পৌঁছামাত্র ৫-৬জন সন্ত্রাসী ছুরি ও চাপাতি নিয়ে শরীফকে কোপাতে থাকেন। আহতবস্থায় সে প্রাণ বাঁচাতে দৌড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আশ্রয় নেয়। পরে পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়। 

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিউদ্দিন নগর গ্রামের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। শরীফ উদ্দিন দৌড়ে থানায় এসে আশ্রয় নেন। হামলাকারী কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!