নারায়ণগঞ্জে নৈশপ্রহরীকে হত্যায় গ্রেফতার আরো ১
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় নৈশপ্রহরী হত্যা মামলার আসামি বাধন হাওলদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে শহরের ৩নং মাছঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মামলার প্রধান আসামি আক্কুকে ছুরিসহ একই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাধন হাওলাদার নলুয়াপাড়া আলমাছ মিয়ার বাড়ি ভাড়াটিয়া জলির হাওলদারের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই এসএম কামরুজ্জামান জানান, নৈশপ্রহরী হত্যা মামলার প্রধান আসামি আক্কুর জবানবন্দিতে অপর তিন আসামির মধ্য বাধন হাওলাদারকে শহরের ৩নং মাছঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
.png)
এর আগে গত মঙ্গলবার এক চোরের ছুরিকাঘাতে ভাসান মালতি নামে ওই নৈশপ্রহরী নিহত হন। নিহত ভাসান মালতি কুষ্টিয়ার দৌলতখালী চৌধুরীপাড়ার জালাল মালতির ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
আরো পড়ুন: শেরপুরে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হওলাদার বলেন, নৈশপ্রহরী রাতে দায়িত্ব পালন করছিলেন। ওইসময় এক চোর গোলপ শাহ স্টোরের চালার টিন খুলে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে টাকা ও চোরাই মালামাল নিয়ে বের হয়ে আসলে দেখতে পান নৈশপ্রহরী ভাসান মালতি। তখন বাধা দিতে গেলে চোর নৈশপ্রহরীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নৈশপ্রহরীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, নৈশপ্রহারী সঠিকভাবে দায়িত্ব পালন করছিলেন। এর ধারাবাহিকতায় চোরকে বাধা দিতে গিয়েই ছুরিকাঘাতের শিকার হন। এতে তিনি মাটিতে পড়ে গিয়েও তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। এতে স্থানীয়রা এগিয়ে আসলে চোর পালিয়ে যায়।