নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পিয়াস উপজেলার শেরপুর দক্ষিণ পাড়া মহল্লার রফিকুল ইসলামের পুত্র।
জানা যায়, তিনি ওয়েল্ডিং মেস্ত্রী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে প্রতিবেশী শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাড়ির দু’তালায় কাজ করছিল। হঠাৎ একটি রড বাঁকাতে গিয়ে তা বাড়ির ওপর দিয়ে চলমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের তারের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
.png)
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, পিয়াস তার পাশের বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।