আইফোনের টাকা জোগাতে চুরি: আসামির জবানবন্দি
আইফোন কিনতে পরিবারের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করে পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে চুরির পরিকল্পনা করেন। পরে আইফোন কেনার টাকা জোগাড় করতে বন্ধুকে নিয়ে অন্য একটি বাসায় চুরি করেন ১৭ বছর বয়সী কলেজ শিক্ষার্থী মো. ইমন বেপারী।
এ ঘটনায় সোমবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
এর আগে, রোববার রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা-পুলিশ।
.png)
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা সোনা ও নগদ টাকা। গ্রেফতার শিক্ষার্থী রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুজনকে শনাক্ত করা হয়। পরে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ তার কাছ থেকে একটি সোনার ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা সোনা বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।