মাত্র ২৩ বছরেই বিশ্বকাপে অনন্য নজির এমবাপ্পের
ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা ও গোলের সংখ্যা তারকা খ্যাতিকে উচ্চতায় নিতে বেশ ভূমিকা রাখে। আবার সব তারকা সারা বছর খেললেও বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেন না। তবে এ ক্ষেত্রে একটু বেশিই আলাদা এমবাপ্পে। এবার মাত্র ২৩ বছরেই বিশ্বকাপে ৯ গোলের অনন্য নজির গড়েছেন এ ফ্রেঞ্চ তারকা ফুটবলার।
৩২ দেশের বিশ্বকাপে বিশ্বের সেরা খেলোয়াড়দের টপকে যেন নিজেকে বারবারই জানান দিচ্ছেন কেন তাকে ধরা হয় বর্তমানের সেরা তারকা।
বয়সটা এখনো ২৪ হয়নি। এ বয়সে যেমন তরুণরা টগবগ করতে থাকে সাফল্যের নেশায় এমবাপ্পে যেন তার অন্যতম মূর্ত প্রতীক। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে ২০ বছর পর পাইয়ে দেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ। সেই বিশ্বকাপে ৪ গোল করে ফ্রান্সকে বিশ্বকাপ জিততে সহায়তা করেন।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে যেখান থেকে শেষ করেছিলেন ২০২২ বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু করলেন। বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে করে ফেলেছেন ৫ গোল। গ্রুপ পর্বে ৩ গোল করার পাশাপাশি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের মত শক্তিশালী ইউরোপিয়ান দলের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পের। গোল করার থেকেও তার ফিনিশিংয়ের যে নিখুঁত দক্ষতা সেটিই মন্ত্রমুগ্ধ করছে সারা বিশ্বকাপে।
২৩ বছর ৩৪৯ দিন বয়সে কোন খেলোয়াড়ের এমন দারুণ নৈপুণ্য বিশ্বকাপের মত মঞ্চে এর আগে দেখিনি কেউই। এর আগে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও ২৪ বছর ১৮২ দিন বয়সে বিশ্বকাপে ৯ গোল করেছিলেন। বিশ্বকাপে মাত্র ১১ ম্যাচ খেলে ৯ গোল করলেন তিনি।
বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা ফোন্টেইনের ১৩ গোলের থেকে মাত্র ৪ গোল দূরে রয়েছেন তিনি। এমবাপ্পের যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলে রেকর্ডও হুমকির মুখে পড়তে পারে।