বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে পুনর্নির্বাচিত করা হয়।
৩৮ বছর বয়সী জয় শাহ ২০৩০ সালের শেষ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, সফল আয়োজন নিশ্চিত করাই আইসিসির একমাত্র দায়িত্ব নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার গুরুত্ব বিবেচনায় নিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জয় শাহ বলেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার বড় সুযোগ। ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছে খেলাটি। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখবে।