ঝুঁকিপূর্ণ মার্কেট ছাড়তে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে সব দোকানঘর খালি করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনটিতে প্রবেশ, অবস্থান ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের হাতে এ-সংক্রান্ত নোটিশ পৌঁছে দেন প্রশাসনের প্রতিনিধিরা।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. জুলহাস হোসেন সৌরভ স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে, চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ। সেখানে অবস্থান কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা অত্যন্ত বিপজ্জনক। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জানমালের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চরভদ্রাসন, ফরিদপুরের গত ৪ নভেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সব দোকানঘর খালি করে মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিতে হবে। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনটি কোনো কাজে ব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করে দোকান পরিচালনা অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসক মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, উপজেলা পরিষদ মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।
উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে দোকানঘর খালি করে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।