কুড়িগ্রামে ভারতীয় যুবকের ছুরিকাঘাতে বাংলাদেশি আহত
মদ্যপ অবস্থায় অনুপ্রবেশ করে বাংলাদেশিকে ছুরিকাঘাত করার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার রাত ৯টার দিকে ঐ যুবককে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী হিন্দুটারী এলাকা থেকে আটক করে বিজিবি। পরে বিজিবি তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দিলে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃত যুবকের নাম আানোয়ারুল হক। তিনি ভারতের কুবিহার জেলার দিনহাটা থানার শেউটি -২ গ্রামের সাইফুর হকের ছেলে।
.png)
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে ঐ যুবক ৯৪২ নম্বর সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তিনি মদ্যপ অবস্থায় গংগারহাট এলাকার বিভিন্ন জনকে গালমন্দ করে। তাকে বাধা দিতে গেলে ছুরি দিয়ে গংগারহাট এলাকার রবিদাস চন্দ্রের ছেলে নান্টু চন্দ্রকে আঘাত করে। নান্টু চন্দ্র গুরুতর আহতের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে ঐ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবিকে খবর দেয়।
বিজিবি ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবককে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। আহত বাংলাদেশি নান্টু চন্দ্রকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার আশরাফ আলী ঘটনার সত্যতা শিকার করে জানান, আটককৃত ভারতীয় যুবক বিনা পাসপোর্ট বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশির ওপর হামলা করার অপরাধে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ভারতীয় যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। আসামিকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।