বৃদ্ধাকে মাথা ফাটিয়ে বাড়ি থেকে তাড়ালো নাতি-পুত্রবধূ
এক বৃদ্ধাকে মাথা ফাটিয়ে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে। আহত ঐ বৃদ্ধার নাম অঞ্জলী গাঙ্গুলি (৭০)।
শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার ধারণকৃত ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়।
জানা গেছে, নালিতাবাড়ী পৌর এলাকার উত্তর বাজার মহল্লার অমল কান্তি গত বছরের ১৫ মে মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা ও স্ত্রী রেখে যান। কিন্তু অমল কান্তির মৃত্যুর পর সন্তানদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বড় ছেলে অসীমের স্ত্রী উমা ও তার কন্যা (বৃদ্ধার নাতি) ঐশী গাঙ্গুলি বৃদ্ধাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়। এতে ঐ বৃদ্ধা রাস্তায় পড়ে গেলে তার মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা আহত বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করান।
.png)
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত বৃদ্ধার নাতি ঐশী একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আছেন। এ জন্য তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।